‘হেলহোল’ মন্তব্যে ট্রাম্পকে নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০১:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর একটি মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থ-রাইট সিটিজেনশিপ) ইস্যুতে দেওয়া এক বক্তব্য শেয়ার করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্তব্যকে ‘অজ্ঞতাপূর্ণ’ ও ‘রুচিহীন’ বলে অভিহিত করেছে।
বিষয়টি সামনে আসে মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেজ-এর একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্য থেকে। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয় নাগরিকত্ব পায় এবং পরে চীন বা ভারতের মতো দেশ থেকে পুরো পরিবার সেখানে চলে আসে। পরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ওই বক্তব্যের অংশ শেয়ার করেন।
এই মন্তব্যকে কেন্দ্র করে নয়াদিল্লি কঠোর অবস্থান নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অজ্ঞতাপূর্ণ, অপ্রাসঙ্গিক এবং খারাপ রুচির পরিচায়ক। তিনি আরও জানান, এটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব অবস্থার প্রতিফলন নয়, যা পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।
এ বিষয়ে ভারতের বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসও কড়া প্রতিক্রিয়া জানায়। দলটি মন্তব্যটিকে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ বলে উল্লেখ করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানায়।
অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে দেখেন।

























