জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুতি হলে পরিণতি হবে কঠিন: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা যদি জনগণের প্রত্যাশা ও চিন্তা থেকে বিচ্যুত হন, তবে তাদের পরিণতিও অতীতে পতিত স্বৈরাচারী সরকারের মতো হতে পারে। তিনি বর্তমান সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেই অভিজ্ঞতাকে পথচলার পাথেয় করার আহ্বান জানান।
তুরস্কের ইস্তাম্বুল-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুল-এ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, বিশেষ করে ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। তার মতে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের উচিত ইতিহাসের সেই শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যৎ পথ নির্ধারণ করা।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হওয়া উচিত জনগণের মনোজগৎ, তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা। জনগণের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা চরম বিপর্যয় ডেকে আনতে পারে।
উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট ২০২৬-এ অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে ইস্তাম্বুল পৌঁছান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সম্মেলন ও রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।




















