চাটমোহরে ট্রেন থেকে পড়ে অল্পের জন্য রক্ষা পুলিশ সদস্য
- আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহর উপজেলায় ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন রেলওয়ে পুলিশের সদস্য সোহেল রানা (৪০)। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মূলাডুলি স্টেশনে থামলে ভিড়ের কারণে সোহেল রানা নেমে যান। পরে ট্রেন ছেড়ে দিলে তিনি হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার আসেন। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় ভারসাম্য হারিয়ে রেললাইনের পাশে পড়ে যান।
এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ট্রেন থেকে তার পড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।
স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, দীর্ঘ সময় ট্রেনের হ্যান্ডেলে ঝুলে থাকার কারণে তিনি ভারসাম্য রাখতে পারেননি। চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।




















