ব্রাহ্মণবাড়িয়া-য় পৃথক স্থানে দুই তরুণের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া-য় পৃথক স্থান থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ।
নিহতরা হলেন—নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর-মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬) এবং হেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৯)। এ ঘটনায় আশিক বর্মনের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বর্মন পেশায় অটোবাইক চালক ছিলেন। মঙ্গলবার রাতে জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।
অন্যদিকে আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, পৃথক স্থান থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।




















