আগামীকাল থেকে দেশে জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৩:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন হবে।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য দ্রুত সময়ে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা।
জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি (নিট্যাগ) এই উদ্যোগের বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে, যা দেশের ১৮ জেলার ৩০টি উপজেলার আওতাধীন। ২১ মে ২০২৬-এর মধ্যে, ঈদুল আজহার আগেই এই কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, প্রতিমন্ত্রী এম এ মুহিত পাবনা সদরে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে কার্যক্রম উদ্বোধন করবেন। বাকি স্পটগুলোতে সিভিল সার্জন স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কার্যক্রম শুরু করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থ বা জ্বরের মধ্যে থাকা শিশুদের টিকা সুস্থ হওয়ার পর দেওয়া হবে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
টিকা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য অভিভাবক, গণমাধ্যম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।




















