শিশুদের হাম রুবেলা টিকাদান চলবে, কোনো ঘাটতি থাকবে না
- আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, দেশের টিকাদান কর্মসূচী চলবে এবং কোনো ঘাটতি রাখা হবে না। রবিবার (৫ এপ্রিল) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান শুরু হয়েছে এবং একটি বিশেষজ্ঞ কমিটি প্রতিদিন তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করছে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় তথ্যভিত্তিক সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি অভিভাবকদের আহ্বান জানান, শিশুদের টিকা দিতে সক্রিয় সহযোগিতা করুন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, ততই নিরাপদ থাকবে দেশ। সরকারের লক্ষ্য—একজন শিশুও যেন টিকার বাইরে না থাকে।
উদ্বোধনে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রম শুরু হয় এবং স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।




















