১২ এপ্রিলের পর ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ: এনটিআরসিএ চেয়ারম্যান
- আপডেট সময় : ০২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী ১২ এপ্রিলের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এনটিআরসিএ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চেয়ারম্যান বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রবেশ পর্যায়ের শূন্যপদের তথ্য জানতে গত ২৯ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা ১২ এপ্রিল পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর সময় বাড়ানো হবে না এবং এরপর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও জানান, ১২ এপ্রিলের পর এক দিনের সময়ও নষ্ট না করে এক সপ্তাহের মধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি এনটিআরসিএ প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে সরাসরি নিয়োগ কার্যক্রম শুরু করেছে, যা একটি চ্যালেঞ্জিং উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, লিখিত অংশে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এছাড়া ২০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে, যার মধ্যে ১২ নম্বর শিক্ষাগত সনদ এবং ৮ নম্বর ভাইভার জন্য নির্ধারিত থাকবে।




















