পর্যটন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা
- আপডেট সময় : ১২:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ঢাকায় জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত এবং বর্তমান সরকার এই খাতের অগ্রগতির জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে পর্যটন সংক্রান্ত পাঁচটি প্রতিশ্রুতি রয়েছে—পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পর্যটন-বান্ধব নীতি প্রণয়ন, ট্যুর গাইড প্রশিক্ষণ ও উন্নয়ন, রন্ধনশৈলী পর্যটনের প্রসার, কমিউনিটি, এথনিক ও ওয়াটার ট্যুরিজমের বিকাশ, এবং ইকো-ট্যুরিজম ও গ্রাম পর্যটনের উন্নয়ন।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও দেশি-বিদেশি পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ খসড়া প্রণয়ন করা হয়েছে, যাতে আইন, নীতিমালা, পর্যটন ক্লাস্টার, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় পর্যটন, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে ৩০টির বেশি স্বীকৃত পর্যটন গন্তব্য রয়েছে এবং প্রতিটি জেলায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিভিত্তিক পর্যটন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।




















