আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত
- আপডেট সময় : ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ চায় তাদের দল।
রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে তিনি একথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।
তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে,’ বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিকেল সোয়া ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। অন্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।




















