চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী থানা এলাকায় ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানোর সময় এক যাত্রী পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং পরে তার দেহ তল্লাশিতে কোমরে থাকা একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ‘যুক্তরাষ্ট্রে তৈরি’ ও ‘৭.৬৫’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাইফুল নোয়াখালীর হাতিয়া উপজেলা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার বিবিরহাটে ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, অভিযানের সময়ই তাকে আটক করা হয় এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সাইফুলের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।



















