বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
দেশে বিদ্যমান প্রাকৃতিক গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এ সময় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি দেশের গ্যাস মজুত ও উত্তোলন পরিস্থিতি তুলে ধরেন।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট মজুত দাঁড়িয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।
তিনি আরও বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান দৈনিক প্রায় ১,৭০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর দেশের চাহিদা পূরণ সম্ভব হবে।
গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, পেট্রোবাংলা-এর মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলমান।
এছাড়া বাপেক্স-এর মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ শেষ হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াকরণাধীন।
মন্ত্রী আরও জানান, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১৪৫০ বর্গকিলোমিটার জুড়ে ৩ডি সাইসমিক জরিপের প্রস্তুতি চলছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত জরিপের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।



















