চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত
- আপডেট সময় : ০৬:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। ঘটনায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নুরুজ্জামান নাজির সড়কের ওসমানের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় জানান, তিনি ‘জি.ডট টেক সলিউশন’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
অভিযোগে বলা হয়েছে, মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫), মো. বায়েজিদ (৩০)সহ আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ সময় আহত ব্যক্তির ছোট ভাই ও অফিস কর্মচারীদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা অফিসের কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাডসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি করে এবং ক্যাশবাক্স থেকে প্রায় ৯ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় এস এম বদরুদ্দোজা হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাকে চাঁদা দিতে চাপ দেওয়া হচ্ছিল এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করা হবে।



















