জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ১০ জরুরি নির্দেশনা জারি
- আপডেট সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালকে ১০টি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনের সময় (১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে এবং ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সিটি করপোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি মেডিক্যাল টিম গঠন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক জনবল প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবেন। জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ এবং সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো কারণে অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককেও নির্বাচনের সময় চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখতে বলা হয়েছে।
রেফার্ড রোগীর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিত খোলা রাখতে হবে। পাশাপাশি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




















