বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর আয়োজন: র্যালি, মানববন্ধন ও সেমিনার
- আপডেট সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘হিজাব: সিম্বল অব প্রাইড অ্যান্ড ফ্রিডম’ শীর্ষক সেমিনার, হিজাব র্যালি ও মানববন্ধন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এই কর্মসূচি শুরু হয়।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র্যালি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ এবং ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালির পর বেলা আড়াইটার পর টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হিজাবকে শুধুমাত্র পোশাক নয়, বরং ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত মা ও বোনদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেল ৩টার পর টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন। বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, হিজাব নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক। এছাড়া সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের গুরুত্ব অপরিসীম।
সেমিনারে ডাকসুর ভিপি সাদিক কায়েম সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম সম্পাদক উম্মে সালমা।
সেমিনার পরিচালনা করেন ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।
দিবসটি উপলক্ষে ডাকসু প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করেছে।




















