উখিয়ায় ফরিদুল আলম সিকদারের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল, সর্বত্র শোকের ছায়া
- আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
বিপিসি ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের প্রখ্যাত জমিদার মরহুম বদিউর রহমান সিকদারের ছোট ছেলে, জনদরদি সমাজসেবক, ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ এবং মানবিক গুণাবলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত হাজি ফরিদুল আলম সিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে উখিয়া তথা সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের গভীর ছায়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) জোহরের নামাজের পর রাজাপালং মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজায় অংশ নিতে ভোর থেকেই উখিয়ার বিভিন্ন প্রান্ত, আশপাশের উপজেলা এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ ঢল নামিয়ে আসেন। স্বজন, বন্ধু, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষ শোকার্ত হৃদয়ে প্রিয়জনকে শেষ বিদায় জানান।

প্রয়াত হাজি ফরিদুল আলম সিকদার ছিলেন সিকদারবিল এলাকার একজন সহজ-সরল, নির্ভীক ও সাদা মনের মানুষ। তার সৌজন্যতা, বিনয় এবং মানবিকতার কারণে তিনি সবার কাছে ছিলেন আপনজন। সমাজের যে কোনো সমস্যায়, ক্রীড়া উন্নয়নে কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় এগিয়ে আসতেন বিনা দ্বিধায়। জীবনের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন—মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় ইবাদত।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ক্রীড়া জগত ও সামাজিক পরিমণ্ডলে শোকের ঢেউ বয়ে গেছে। উখিয়া উপজেলা, রাজাপালং ইউনিয়ন ও সিকদারবিলের সর্বত্রই চলছে স্মৃতিচারণা, কেউ বলছেন তার ক্রীড়াপ্রীতির কথা, কেউ তার সামাজিক অবদানের কথা, আর কেউবা অসহায় মানুষের জন্য তার নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরছেন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারি, বন্ধুদের কান্না আর উপস্থিত মানুষের দোয়ার আওয়াজে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
প্রয়াতের আত্মার শান্তি, মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসে স্থান কামনায় শোকসন্তপ্ত পরিবার উখিয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।




















