পাবনা-৩ ও ৪ আসনে পুনঃগণনার দাবিতে বিএনপির অবস্থান
- আপডেট সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে তারা পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন।
এসময় বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’ ও ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবু তালেব মন্ডল। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।
পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটে জয়ী হন জামায়াতের মাওলানা আলী আজগার। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।




















