চট্টগ্রামে ৫০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ এক কাভার্ড ভ্যান চালককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-০২ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে খুলশী থানা-অধীন এলাকায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল-এর বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে পাকা সড়কের ওপর চট্ট মেট্রো-ট-৭১২৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের সিটের পেছনে রাখা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
একই সঙ্গে বাদামি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পোটলা গাঁজা জব্দ করা হয়। প্রতি পোটলায় ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা ছিল বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালক সেকান্দর হোসেনকে গ্রেফতার করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতার চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















