প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ছাড়াই চলাচল করছেন
- আপডেট সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারী গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত গাড়ি ও চালক ব্যবহার করছেন। এতে প্রধানমন্ত্রীর গাড়ি চালক ও জ্বালানির খরচও সরকার বহন করবে না।
বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী নিজের টয়োটা গাড়িতে সাভার ও শেরে বাংলা নগরে চলাচল করেছেন এবং সেই গাড়িতেই সচিবালয়ে ফিরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।
গাড়ি বহরের সংখ্যা কমিয়ে চারটি করা হয়েছে, যেখানে আগে ১৩–১৪টি গাড়ি থাকত। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহার করা হবে।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে যাতে সাধারণ মানুষের জন্য যানজট কমে। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের নিয়মও স্থগিত করা হয়েছে।
সকালে প্রধানমন্ত্রীর সাভার সফরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়। এরপর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সফরে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।




















