রমজানে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল
- আপডেট সময় : ০৯:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
নতুন অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাসে সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে পরিচালিত হবে। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে বিদ্যমান সময়সূচিই বহাল থাকবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, রমজান মাসে ইফতারের সময় পানি পান করার সুবিধার্থে প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে যাত্রীদের সতর্ক থাকতে হবে।
ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি ও এক্সিট গেইটে স্থাপিত ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।




















