ঈশ্বরদীতে দাদি-নাতনির মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
- আপডেট সময় : ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলায় আলাদা স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠান থেকে দাদির এবং পাশের একটি সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান। নিহতরা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁ’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার মেয়ে জামিলা আক্তার (১৫)। তারা দুজনই ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর বাবা ঢাকায় থাকেন। শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন বেরিয়ে এলেও কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেলে তারা নিজ নিজ ঘরে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নাতনি জামিলাকে খুঁজতে গিয়ে কাছের একটি সরিষাক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাতনিকে তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হতে পারে। এরপর কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সরিষাক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
প্রণব কুমার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বলেন—ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















