চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে শিগগিরই দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় তিনি ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
মন্ত্রী জানান, প্রথমে অভিযান শুরু হবে রাজধানী ঢাকা থেকে। এরপর সারাদেশে অস্ত্রধারী ও দাগি আসামিদের শনাক্ত করে তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা প্রণয়নের পর কার্যক্রম শুরু করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “দেশের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা সবরকম পদক্ষেপ নিচ্ছি। আশা করি দেশের সবাই এই প্রয়াসে সহযোগিতা করবেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিকল্পিত ও নির্মোহভাবে তালিকা তৈরি করে যথাযথ সময়ে অভিযান সম্পন্ন করা হবে, যাতে সাধারণ জনগণ কোনো ঝুঁকির সম্মুখীন না হন। এই উদ্যোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।




















