সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, প্রস্তুতি সম্পন্ন: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সংসদীয় ব্যবস্থা অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিএনপির কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তৃতীয় সেশন শেষে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় দিনের কর্মশালার তিনটি সেশন ইতোমধ্যে শেষ হয়েছে এবং বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম সমাপ্ত হবে।
তিনি জানান, মোট চারটি সেশনে বিভক্ত এই কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা।
এ সময় তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সরকার সেই কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আইন বিভাগকে শক্তিশালী করা এবং বিশেষ করে জাতীয় সংসদকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি দল হিসেবে সংসদকে সবসময় কার্যকর ও প্রাণবন্ত রাখার যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।




















