সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই
- আপডেট সময় : ১১:১৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপন খালাতো বোন ছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে শাহরিয়ার শরীফ।
পরিবার সূত্রে জানা গেছে, শামিমা সাত্তার মিমু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন।
ক্রীড়াজীবন শেষে তিনি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনি প্রশিক্ষক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের অ্যাথলেটিক্সের বিকাশে তার অবদান ক্রীড়ামহলে গভীরভাবে স্মরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দিনাজপুরে নেওয়া হচ্ছে। সেখানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।




















