মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ঢাকা থেকে ৫০০ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
- আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র নিরাপত্তা সংকটের জেরে স্থবির হয়ে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করায় গত ১৫ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অন্তত ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ (রাত ১২টা) পর্যন্ত এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই সংকটের শুরু। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। সংকটের ধারাবাহিকতায় ১০ মার্চ ৩২টি এবং সর্বশেষ ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ ১৫ মার্চ দিনের শুরুতেই আরও ২৩টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় যারা
তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ৫০০টি ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, গালফ এয়ার, এমিরেটস ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি করে ফ্লাইট রয়েছে। এছাড়া কাতার এয়ারওয়েজ ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি, ফ্লাই দুবাই ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট বাতিলের কবলে পড়েছে।
সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা
আকাশসীমা আংশিক বন্ধ থাকলেও বিকল্প পথে বা সীমিত আকারে কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালনা বা পরিকল্পনার মধ্যে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট চলাচল করছে সৌদি আরব ও ওমান (মাসকাট) রুটে। ১৫ মার্চ (আজ) সৌদি আরবে ২১টি এবং মাসকাটে ৬টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া দুবাই, আবুধাবি ও শারজাহসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আজ ২২টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমার পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের শিডিউল পরিবর্তন বা বাতিল করতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।




















