কলাপাড়ায় ১৪ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ হাজার টাকার জালনোটসহ ওহিদুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের উপজেলা সড়ক এলাকা থেকে তাকে হাতে-নাতে ধরা হয়।
গ্রেফতার ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। অভিযানকালে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওহিদুল উপজেলা সড়কের একটি দোকানে গিয়ে এক হাজার টাকার ১৪টি নোট দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করেন। টাকাগুলো হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হলে তিনি সেগুলো জালনোট হিসেবে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওহিদুলের সাথে থাকা এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই জালনোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।




















