খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে থানা যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।




















