সূচক কমলেও বেড়েছে লেনদেন পুঁজিবাজারে
- আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মার্চ) দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে, যা বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৭২ পয়েন্টে নেমে এসেছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৩৩ কোটি টাকা বেশি। এর আগে লেনদেন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকা।
লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল একমি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, বিডিথাই, টেকনো ড্রাগস, ডোমেনেজ স্টিল, ফাইন ফুডস, সিটি ব্যাংক, সামিট পোর্ট, খান ব্রাদার্স ও শাইনপুকুর সিরামিক।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টির দর বেড়েছে, ৯৮টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে মোট ৩২ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে সেখানে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬ লাখ টাকা।
সবমিলিয়ে সূচকের পতন হলেও লেনদেন বৃদ্ধির কারণে বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।




















