২ কোটি শিশুকে হামের টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। এতদিন নিয়মিত কর্মসূচিতে ৯ মাস বয়স পূর্ণ হলেই শিশুদের হামের টিকা দেওয়া হতো। তবে বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার ৬ মাস বয়সী শিশুরাও এই ক্যাম্পেইনের আওতায় টিকা নিতে পারবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপ (নাইট্যাগ)-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অনেক দেশেই নির্ধারিত বয়সের আগেই ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হয়। সেই আলোকে ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে নাইট্যাগ।
তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে আগের নিয়মই বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ, নিয়মিত কর্মসূচির আওতায় ৯ মাস বয়সের আগে হামের টিকা দেওয়া হবে না। এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক সুপারিশ না থাকায় বয়সসীমা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।




















