অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর সরকার
- আপডেট সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দেশে অবৈধভাবে পরিচালিত ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিশেষ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ট্রাভেল এজেন্সির নিবন্ধন নেই বা নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সনদ নবায়ন করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী, বৈধ নিবন্ধন সনদ ছাড়া ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। অনেক প্রতিষ্ঠান সময়মতো সনদ নবায়ন না করায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অতি দ্রুত মন্ত্রণালয়ের ‘অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে নিবন্ধনের আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত ১৫ কার্যদিবসের সময়সীমা পার হওয়ার পর কোনো শিথিলতা দেখানো হবে না এবং অবৈধভাবে পরিচালিত এজেন্সির বিরুদ্ধে মোবাইল কোর্টসহ অন্যান্য আইনি পদক্ষেপ শুরু করা হবে।




















