কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বাড়ছে, এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলায় শিশুদের মধ্যে হাম রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চাপ বেড়েছে এবং জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও তীব্র অপুষ্টিতে ভুগছিল।
পরিস্থিতি সামাল দিতে কক্সবাজার সদর হাসপাতালে আলাদা হাম ওয়ার্ড খোলা হয়েছে। শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম বলেন, আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে নতুন করে ১১ জন শিশুসহ মোট ৩৭ জন শিশু ভর্তি রয়েছে। এখন পর্যন্ত কেবল সদর হাসপাতালেই হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জন, যার মধ্যে ৮২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে কক্সবাজার সদর হাসপাতাল ছাড়াও অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ১৫ রমজান থেকে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, জেলার মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি এবং শহরের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ টিকা দিলে হাম প্রতিরোধ করা সম্ভব এবং বর্তমানে প্রায় ৯৫ শতাংশ শিশু এই টিকার আওতায় রয়েছে।
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ভিটামিন-এ এর অভাব ও অপুষ্টির কারণে শিশুরা সহজেই হামে আক্রান্ত হতে পারে। তাই কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।




















