লক্ষ্মীপুরে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১২:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকজন নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, ওইদিন বিকেলে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় আফতাবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত আফতাব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবেও ঘোষণা দিয়েছিলেন।
জানা গেছে, সাহাপুর গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে আফতাবের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে গত ৯ এপ্রিল আফতাবের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ইসমাইলের পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানি করছেন। হামলার শিকার নারীরা আত্মরক্ষার জন্য চিৎকার করতে থাকেন। ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার মামলা দায়ের করেন। মামলায় আফতাবসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




















