সংবাদ শিরোনাম ::
এপ্রিলে প্রথম ১২ দিনে ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৬:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ও ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।




















