সাভারে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ এক কথিত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভার উপজেলা-এর পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. হৃদয় হোসেন (২৭)। তিনি সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার সকালে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, তিনি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তার গ্রেপ্তারের পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।




















