গোমস্তাপুরে কৃত্রিম সংকটে জ্বালানি বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা
- আপডেট সময় : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন-এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে মজুত পরীক্ষা করে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল পাওয়া যায়।
পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং বাজার অস্থিতিশীল করার চেষ্টা করায় প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা প্রশাসন-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সেবা প্রদানে অবহেলা ও কৃত্রিম সংকট তৈরির অপরাধে ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের পর মজুতকৃত তেল নিয়মিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে এবং পুনরায় বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে। এর আগে গত ২৭ মার্চ একই পাম্পে অতিরিক্ত তেল মজুতের কারণে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।




















