চট্টগ্রামে মুয়াজ্জিনকে মারধর ও হত্যাচেষ্টায় ৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০১:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চুরির অভিযোগ তুলে মব সৃষ্টি করে একটি মসজিদের মুয়াজ্জিনকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার পোমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং বুধবার আদালতে হাজির করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. জহির আহম্মদ, মো. ওসমান, মো. জসিম ও মো. আব্বাস উদ্দিন।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাঙ্গুনিয়া মডেল থানার পোমরা ইউনিয়নের মালিরহাট বেলাল পাড়া জামে মসজিদের সামনে আব্দুল শাকুর (৩২) নামে এক মুয়াজ্জিনকে চোর সন্দেহে নির্যাতন করা হয়।
স্থানীয় কয়েকজন প্রথমে মসজিদের মাইক, স্পিকার ও ব্যাটারি চুরির অভিযোগ তোলে। পরে ৩০-৩৫ জন মিলে তাকে রশি দিয়ে বেঁধে মারধর করে এবং লোহার প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
এ সময় নির্যাতনের ভিডিও ধারণ করে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর বোন নাছিমা আক্তার বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।




















