মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মাদারীপুরের মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়-এ ফরম পূরণের টাকা দেওয়ার পরও ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে চলতি বছরের এসএসসি পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র নিতে গেলে জানতে পারে, তাদের এডমিট কার্ড আসেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সোহেল মোড়ল তাদের ফরম পূরণের সুযোগ দেন। এ সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা করে নেওয়া হলেও এখন পর্যন্ত প্রবেশপত্র দেওয়া হয়নি। তাদের অভিযোগ, ২০ শিক্ষার্থীর কাছ থেকে ফরম ফিল-আপের নামে কয়েক লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহকারী নূরে আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, তারা ভেবেছিলেন ফরম পূরণ সম্পন্ন হয়েছে, কিন্তু এখন জানতে পারছেন তাদের এডমিট কার্ডই আসেনি। এতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং তারা ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহকারী নূরে আলম জানান, বিষয়টি ভুল হয়েছে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, কোনো শিক্ষক যদি শিক্ষার্থীদের সঙ্গে অনিয়ম করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।



















