ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
- আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হাসান শাহীন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন এবং বিএনপি নেতা খায়রুল আলম।
অভিযোগে মাসুদ হাসান শাহীন জানান, গত ৫ আগস্টের পর থেকে তিনি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় একটি গার্মেন্টসের ওয়েস্টিজ মালামাল ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছেন। এই ব্যবসার লাভের একটি অংশ দলীয় কার্যক্রম ও সামাজিক কাজে ব্যয় করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, সাইফুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে অভিযুক্তরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি ও তার সহযোগীরা চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং গার্মেন্টস এলাকায় যেতে নিষেধ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম বিপ্লব। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং তিনি নিয়মিত এলাকায় থাকেন না। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য এসে নেতাকর্মীদের সঙ্গে দেখা করে চলে যান।
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।




















