ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলায় ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
- আপডেট সময় : ০২:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে এবং বিষয়টি ‘শতভাগ সত্য’ বলেও তিনি দাবি করেন।
মূলত শাহেদ ড্রোন প্রথম তৈরি করে ইরান। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম খরচে তৈরি করা যায় বলে সামরিক ক্ষেত্রে এই ড্রোন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই ড্রোনের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। ইউক্রেনের দাবি অনুযায়ী, ২০২২ সালের শেষ দিক থেকে রুশ বাহিনী তাদের ওপর হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে।
শুরুর দিকে ইরান এসব ড্রোন রাশিয়াকে সরবরাহ করলেও পরবর্তীতে রাশিয়া নিজ দেশেই এই প্রযুক্তির ড্রোন উৎপাদন শুরু করে। এখন জেলেনস্কির দাবি অনুযায়ী, সেই রুশ উৎপাদিত ড্রোনই উল্টো ইরানের হাতে পৌঁছাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনায় শাহেদ ড্রোনের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও সেগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এমনকি খোদ মার্কিন সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে তারা শাহেদ ‘ধরনের’ ড্রোনের মোকাবিলা করছে। জেলেনস্কির এই নতুন দাবি বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


























