ভারতের বিহারে চিকিৎসক সংকটে নিরাপত্তারক্ষী দিয়ে রোগীর ক্ষত সেলাই
- আপডেট সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর চরম ঘাটতির কারণে এবার ভয়াবহ এক ঘটনার সাক্ষী হলো বিহার-এর একটি সরকারি হাসপাতাল। রোগীর চাপ সামলাতে গিয়ে শেষ পর্যন্ত এক নিরাপত্তারক্ষীকেই আহত রোগীর ক্ষত সেলাইয়ের কাজে ব্যবহার করতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিম চম্পারণ জেলার বাগাহা উপ-বিভাগীয় হাসপাতালে এই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত একাধিক রোগী একসঙ্গে হাসপাতালে আসার পর চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীর ঘাটতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার (২০ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় আহত হন দুই ব্যক্তি—ওয়াসিম আখতার ও সুরেন্দ্র পাসি। তারা জানান, বাগাহা-বেত্তিয়া সড়কে একটি টেম্পোর সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে তাদের গাড়ি উল্টে যায় এবং তারা আহত হন, তবে টেম্পো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদের হাসপাতালে নেওয়ার পর একই সময়ে একাধিক দুর্ঘটনার রোগী সেখানে পৌঁছায়। কিন্তু তখন হাসপাতালে অপারেশন থিয়েটারের সহকারী, ড্রেসার, এমনকি পর্যাপ্ত নার্স ও চিকিৎসকও উপস্থিত ছিলেন না। এমন অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে একজন নিরাপত্তারক্ষীকে ক্ষত সেলাইয়ের কাজে সহায়তা করতে দেখা যায়।
হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট অশোক কুমার তিওয়ারি জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটারের কর্মী, ড্রেসার এবং জিএনএম স্টাফের ঘাটতি রয়েছে। একসঙ্গে একাধিক দুর্ঘটনার রোগী আসায় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সহায়তা নেওয়া হয়।
তবে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারের ভেতরে একজন নিরাপত্তারক্ষী রোগীর ক্ষত সেলাই করছেন, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, এ ধরনের কাজ শুধুমাত্র প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সদেরই করার অনুমতি রয়েছে।
এ ঘটনায় রোগীদের নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা এটিকে চরম অবহেলা হিসেবে উল্লেখ করে বলেন, অপ্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত।


























