পদ্মা নদীতে পুলিশের ওপর গুলিবর্ষণ, ফাঁড়ি ইনচার্জসহ ৫ জন আহত
- আপডেট সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
পদ্মা নদীতে টহল দেওয়ার সময় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল চলাকালে নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
আহতদের প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন—খন্দকার শফিকুল ইসলাম, ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



















