মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছে পরিবার
- আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জর টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত এক যুবকের কবর প্রতিরাতে পাহারা দিচ্ছে তার পরিবার। কবরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই এ উদ্যোগ নিয়েছেন স্বজনরা।
নিহত যুবক আরাফাত খান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে তার কবরের পাশে বসে আছেন তার বাবা জসিম খান।
জসিম খান জানান, তার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত এবং গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়। এরপর থেকেই লাশ চুরির আশঙ্কার কথা শুনে তারা কবর পাহারা দিতে শুরু করেছেন। তিনি বলেন, আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও ঋণ করে লোক রেখে রাতভর পাহারা দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, অসুস্থ থাকার কারণে সবসময় নিজে থাকতে পারেন না, তাই বাধ্য হয়ে খরচ করে লোক রাখতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করত, তাহলে পরিবার কিছুটা স্বস্তি পেত।
স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে মানবিক ও উদ্বেগজনক বলে উল্লেখ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এ ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, দাফনের জন্য আর্থিক সহায়তা ইতিমধ্যে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশের সহায়তায় কবর পাহারার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।



















