৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার
- আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ শুরু করবে সরকার। চলতি বোরো মৌসুমে মোট ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে। সরকারের গুদামে বর্তমানে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত রয়েছে বলেও তিনি জানান।
সভায় আরও জানানো হয়, এবার বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এবং গম ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে। ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে, আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।
মন্ত্রী আরও জানান, দেশে গমের মোট চাহিদা প্রায় ৮০ লাখ টন, যার মধ্যে ৭০ থেকে ৭২ লাখ টন দেশে উৎপাদন হয় এবং বাকি অংশ জি-টু-জি (সরকার টু সরকার) পদ্ধতিতে আমদানি করা হয়।



















