চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার, আতঙ্কে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ী পরিবারের
- আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার ব্যক্তি জাকির হোসেন, যিনি স্থানীয়ভাবে বিএনপির একজন নেতা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুর-এর ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল পরিচালনাকারী ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পাশাপাশি তারা নিয়মিত হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেত।
মামলার তথ্যমতে, গত ৩০ মার্চ বিকেলে আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে আলমগীর সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে তা পরিশোধ করেন।
চাঁদাবাজদের এমন নির্যাতনে ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার চরম আতঙ্কে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারা নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার উদ্যোগ নিলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে।
পরে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।




















