দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর
- আপডেট সময় : ১১:৩০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠক শুরুর কথা। এতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত থাকবেন।
বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু করা, জ্বালানি নিরাপত্তা, গঙ্গা নদীর পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু, বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার অভিযুক্তদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীসহ দেশটিতে পলাতক সাজাপ্রাপ্ত নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময় ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন—এসব বিষয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হতে পারে।
বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে আগামী ৯ এপ্রিল মরিশাসগামী বাণিজ্যিক ফ্লাইটে এস জয়শঙ্করের সঙ্গে একসাথে যাত্রা করবেন। ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে দুই দেশের মন্ত্রীরা একান্ত পরিবেশে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করার সুযোগ পাবেন এবং মরিশাসেও কূটনীতিকদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।




















