এসএসসি প্রথম পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁসেরও কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার শুরু থেকেই কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যার ফলে কোনো ধরনের অনিয়মের সুযোগ হয়নি।
তিনি আরও বলেন, “এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে তা সত্যিই প্রশংসনীয়। পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
শিক্ষামন্ত্রী জানান, আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট টিম নিয়মিত মনিটরিং করবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, ট্রাফিক বা অন্য কোনো কারণে কেউ দেরি করলে তাদের সহযোগিতা করাই কর্তৃপক্ষের মূল দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকদেরও এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।




















