পটুয়াখালী-৩ আসনে বিদ্রোহী প্রার্থী, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
- আপডেট সময় : ০১:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোটের আসন সমঝোতায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন ছেড়ে দেওয়ার পর সেখানে প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
দলীয় নির্দেশনার পরও প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার কঠোর পদক্ষেপ নিল বিএনপি। গলাচিপা ও দশমিনা—এই দুই উপজেলার বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা বিএনপি’র বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ দলীয় শৃঙ্খলা রক্ষা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মো. হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় আসনটিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন সমঝোতার পরও বিদ্রোহী প্রার্থিতা এবং তার জেরে উপজেলা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের বার্তা দিলেও স্থানীয় রাজনীতিতে এর প্রভাব কী হবে, তা এখনো অনিশ্চিত।




















