নওগাঁয় পরিবেশবিধি ভঙ্গের দায়ে ইটভাটায় ১.৪ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
নওগাঁয় পরিবেশগত ছাড়পত্র (লাইসেন্স) না থাকা এবং সরকার নির্ধারিত মাপের চেয়ে ছোট ইট উৎপাদনের অভিযোগে একটি ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বর্ষাইল এলাকায় অবস্থিত মেসার্স এনএস কনস্ট্রাকশন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
অভিযান শেষে রুবেল আহমেদ জানান, ইটভাটাটির বিরুদ্ধে নির্ধারিত মাপের চেয়ে ছোট ইট উৎপাদনের একাধিক অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে পরিদর্শনের সময় দেখা যায়, উৎপাদিত ইটের মাপ সরকার নির্ধারিত আদর্শের তুলনায় ছোট এবং ইটের নেইম ব্লকের আকার স্বাভাবিকের চেয়ে বড় রাখা হয়েছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার সামিল। এছাড়া ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না।
এই অপরাধের প্রেক্ষিতে ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য মালিককে সতর্ক করা হয়েছে। রুবেল আহমেদ আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অভিযানে নওগাঁ জেলা ব্যাটালিয়ন ফোর্সও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা করেছে।




















