ঝালকাঠির ৫ এনসিপি নেতা বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় ঝালকাঠির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এনসিপির সদর উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা আজাদ রহমানের নেতৃত্বে যোগ দেন অন্য চারজন—আব্বাস আলী খান, মোতালেব, নান্নু শিকদার ও অসীম পাল।
যোগদানের সময় তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর তরুণ ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলে পরিবর্তনের আশায় যুক্ত হয়েছিল। তবে পরবর্তীতে এনসিপি স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী জোট করায় তারা হতাশ হন। এই কারণেই তারা এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং বিএনপিতে যোগ দেন।
আজাদ রহমান বলেন, তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। ৫ আগস্টের পর এনসিপিকে বিপ্লবী দল মনে করে সেখানে যোগ দিয়েছিলেন, কিন্তু জামায়াতের সঙ্গে জোটের কারণে থাকতে পারেননি।
ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না জানান, আজাদ রহমানকে গত বছরের ১৩ জুলাই এনসিপির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি। জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং অন্যান্য ইউনিটের কমিটি ধাপে ধাপে গঠন করা হবে।




















