কুমিল্লার তিতাস ইউএনওকে বদলি হুমকি, সতর্কবার্তা দিলেন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া
- আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
কুমিল্লা–এর তিতাস উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন–কে মব সৃষ্টির আগেই অন্যত্র বদলি হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিতাস উপজেলার মেসার্স মৃত্তিকা এন্টারপ্রাইজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, ইউএনও তাদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করেছেন এবং নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমাকে এই উপজেলা প্রশাসন থেকে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন বললে ভুল হবে না। তিতাস উপজেলার ইউএনও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছেন। এভাবেই তিনি আমাদের নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে আমি একদিনের জন্যও তিতাস ইউএনও সুমাইয়া মমিনের সঙ্গে কথা বলিনি। জনগণের সঙ্গে এ ধরনের আচরণ করা ব্যক্তির বিষয়ে কী পদক্ষেপ নিতে হবে, তা আমি জানি। আমি আশা করি, তিনি দ্রুত অন্যত্র বদলি হয়ে চলে যাবেন। কারণ, তিনি ভালো আচরণ জানেন না। আমি তাকে সতর্ক করে দিলাম, যদি কোনো মব সৃষ্টি হয়, তার জন্য তিনিই দায়ী থাকবেন।”
এ বিষয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন এবং তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার প্রমুখ।




















