অনলাইন স্ক্যাম সেন্টার দমনে কঠোর পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
- আপডেট সময় : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেটভিত্তিক প্রতারণা চক্র দমনে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এসব প্রতারণা কেন্দ্রে হাজার হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হচ্ছে এবং তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল–এর অধীনে প্রকাশিত এক প্রতিবেদনে এ ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণা চক্রের নিয়ন্ত্রিত এসব কেন্দ্রে বন্দি ব্যক্তিদের ওপর শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন, জোরপূর্বক গর্ভপাত, অনাহার এবং দীর্ঘ সময় নির্জন কারাবাসের মতো নির্মম আচরণ করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ‘নির্যাতনের এ তালিকা যেমন স্তম্ভিত করার মতো, তেমনি হৃদয়বিদারক।’ তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ চক্র ও সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কার্যকর ও কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানান।
এর আগে ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ উল্লেখ করেছিল, হাজার হাজার মানুষকে জোর করে এসব স্ক্যাম সেন্টারে কাজ করানো হচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের অনলাইন প্রতারণা সংঘটিত হয়, যা আন্তর্জাতিক অপরাধচক্রের অর্থায়নের অন্যতম উৎস হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অপরাধ দমনে আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ জরুরি। মানব পাচার, সাইবার অপরাধ ও দুর্নীতির সঙ্গে জড়িত নেটওয়ার্ক ভেঙে দিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছে সংস্থাটি।




















